ইতালিতে অভিনেত্রী ও সংস্কৃতিকর্মী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বিজয় জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে থাকা বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, ছাত্রসমাজ, কৃষক-শ্রমিক, সংস্কৃতিকর্মী এবং আপামর জনতার সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে।
তিনি বলেন, ‘হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন এবং দেশে-বিদেশে তাদের উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে আনসারী বলেন, ‘ইতালিতে সংস্কৃতিকর্মী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর যারা জঙ্গি কায়দায় হামলে পড়েছে, তাদের অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।’
বাংলাদেশ দূতাবাসকে এ ঘটনায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সেদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য-উপাত্ত তুলে ধরে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইতালির সহযোগিতা চাইবে।’
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে আনসারী বলেন, বিদেশে ভ্রমণরত প্রত্যেক বাংলাদেশি নাগরিক যেন নিজেকে নিরাপদ ও সুরক্ষিত মনে করেন, তা নিশ্চিত করা দূতাবাসগুলোর দায়িত্বের অংশ।
তিনি আরও বলেন, বাংলাদেশ সফররত কোনো ইতালীয় নাগরিক আজ এমন হামলার শিকার হলে ইতালীয় মিশনের তৎপরতা এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে তাদের তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিতভাবেই দৃশ্যমান হতো।
শুধু ইতালির ঘটনা নয়, বিশ্বের যেকোনো সভ্য দেশে এমন অসভ্য, সহিংস ও ঘৃণ্য তৎপরতা ঘটলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণ তুলে ধরে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।



