সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর পরিবর্তে জনগণের বাস্তব সমস্যা সমাধানে মনোযোগ দিতে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। তাই মিথ্যা প্রচারণার পরিবর্তে জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’
বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যা সমাধানে কাজ করছে। এ সময় একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় সত্যিকার অর্থে কাজ করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর পরিবর্তে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া প্রয়োজন।
জনগণের অধিকার ও অর্থনৈতিক মুক্তিই সরকারের লক্ষ্য
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, তাদের অধিকার সুরক্ষা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত দেশ প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পল্লবী-রূপনগরের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার
ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রায় ৪৫ বছর ধরে তিনি এ এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, এবারের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের বাসিন্দাদের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে কাজ অব্যাহত রাখবেন তিনি।
শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে উদ্যোগ
এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আমিনুল হক বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাদের উপস্থিতি
বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান।
এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।





