সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত ‘খালেদা জিয়া এক মৃত্যুঞ্জয়ী মহীয়সী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন।
‘অন্তর কথা, সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, সংগ্রাম ও খালেদা জিয়ার নাম একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
যেখানে সংগ্রাম, সেখানেই খালেদা জিয়ার উপস্থিতি স্মরণ করা হয়। তার মতে, গণতান্ত্রিক সংগ্রামে এত বড় নেতৃত্বের দৃষ্টান্ত বিশ্বে বিরল। এ কারণেই তিনি প্রজন্মের পর প্রজন্মের মানুষের স্মৃতিতে বেঁচে থাকবেন।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হওয়ার পরও জীবনের সংকটময় মুহূর্তে খালেদা জিয়া ‘হিংসা নয়, বিদ্বেষ নয়, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’—এই বার্তা দিয়েছিলেন। এমন নেতৃত্ব ও দেশপ্রেমের দৃষ্টান্ত বিরল বলে মন্তব্য করেন তিনি। এ সময় গ্রন্থটি দেশের বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান লিটন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. হারুন-অর-রশীদ।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গ্রন্থটির সম্পাদক মো. আরিফুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।





