বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা পালপাড়ায় যুব সমাজের উদ্যোগে তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজার্চনা ও ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত পাঠ, সংগীতানুষ্ঠান ও কবিগানের আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির করা হয়।
স্থানীয় সার্বজনীন শ্রীশ্রী কালী, শীতলা ও জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূজাকে ঘিরে এলাকার ভক্ত, নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উৎসবের দ্বিতীয় দিন বুধবার (১৮ নভেম্বর) রাতে সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন সাংবাদিক প্রবীর বিশ্বাস ননীসহ স্থানীয় শিল্পীরা। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক ও ভক্তরা অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়া ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে শ্রীমদ্ভাগবত পাঠ ও অন্যান্য পূজার্চনার আয়োজন করা হয়।
পূজা কমিটির সভাপতি গৌতম পাল জানান, শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজার বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয় এবং বৃহস্পতিবার দশমীর পূজা ও বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
পূজা কমিটির সম্পাদক যতীন পাল সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনের সহযোগিতা করেন। স্বেচ্ছাসেবক কর্মী সঞ্জয় পাল জানান, প্রতিবছরের মতো এবারও সুন্দর ও জমকালো পরিবেশে পূজা উদযাপনের পরিকল্পনা ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু অনুষ্ঠান সীমিত করতে হয়েছে। বুধবার রাতে নীলকণ্ঠ টিমের গান পরিবেশনের কথা থাকলেও তা নিষেধ করা হয়।
তিনি আরও বলেন, সীমাবদ্ধতার মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুন্দর পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের চেষ্টা করা হয়েছে।
তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব সফলভাবে সম্পন্ন করতে পালপাড়া যুব সমাজের স্বেচ্ছাসেবক কর্মীরা সার্বিক সহযোগিতা ও দায়িত্ব পালন করেন।






