আগামী দিনের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে এমন দক্ষ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে অর্জিত অভিজ্ঞতা, ধারণা এবং জ্ঞানকে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাব্যবস্থার গুণগত ও বাস্তব উন্নয়নে কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
আজ রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (IAUP) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ-তরুণী রয়েছে। দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠীর শিক্ষা, মেধা ও দক্ষতার বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বিপুলসংখ্যক তরুণ দেশের জন্য এক বিশাল অদৃশ্য সম্পদ। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই মানবসম্পদকে দৃশ্যমান সম্পদে পরিণত করতে হবে। তরুণদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী জানান, সরকার পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






