আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ইউলালিয়া। আর্জেন্টিনার ক্রীড়ামাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ খবর জানিয়েছে।
রোজারিওভিত্তিক রেডিও টু পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইউলালিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্বামী অ্যাঙ্গেলের সঙ্গে পুজাতো শহরেই বসবাস করতেন তিনি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ইউলালিয়া মারজেত্তি ছিলেন তিন সন্তানের মা। তার সন্তানদের মধ্যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। অন্য দুই সন্তান হলেন মাউরো ও কোরিনা। কোরিনা রোজারিওর কাছের ফুনেস এলাকায় ‘স্কালা বেকারি’ নামে একটি ব্যবসা পরিচালনা করেন। ইউলালিয়া নিজেও স্থানীয় পৌরসভায় বিচারকের দায়িত্ব পালন করেছেন।
মায়ের সঙ্গে স্কালোনির সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যেও সুযোগ পেলেই মাকে দেখতে পুজাতোতে ছুটে যেতেন তিনি। ২০২১ সালে মায়ের অসুস্থতার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন আর্জেন্টিনার এই কোচ।
ওই বছরের ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের কঠিন সময়ের কথা তুলে ধরেন স্কালোনি। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’
ব্যক্তিগত উদ্বেগের মধ্যেও দলের দায়িত্ব পালন অব্যাহত রাখেন তিনি। এর পরের বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন স্কালোনি। এর আগে ২০২১ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ের সাফল্যও মাকে উৎসর্গ করেছিলেন তিনি।
সেই সময় আবেগাপ্লুত স্কালোনি বলেছিলেন, ‘আমি এই জয় মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তার বেশ গুরুতর একটি সমস্যা হয়েছিল। তিনি লড়াই করছেন।’
বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারে মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। ইউলালিয়া মারজেত্তির মৃত্যুতে তার পরিবার ও পুজাতো শহরে শোকের আবহ তৈরি হয়েছে।





