বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে অবৈধ পথে বিদেশ গমন বন্ধ, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো এবং বিদেশে গিয়ে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আরিফুল হক চৌধুরী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ তাকে আশাবাদী করেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে চায় না। বিশ্বের দেশগুলোকে দেখাতে হবে, বাংলাদেশও আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে সক্ষম।
অবৈধ অভিবাসন ও হুন্ডির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করে। একইভাবে অবৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে হবে এবং বিদেশে অবস্থানকালে সংশ্লিষ্ট দেশের আইন যথাযথভাবে মেনে চলতে হবে। কয়েকজনের অনিয়মের কারণে যেন পুরো দেশের সুনাম ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণাকারীদের সতর্ক করে মন্ত্রী বলেন, দেশে কিংবা বিদেশে অবস্থান করে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, সততা ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





