প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি পর্যায়ে ৫ স্মারক, বেসরকারি পর্যায়ে ১৭টি সমঝোতা

প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি পর্যায়ে ৫ স্মারক, বেসরকারি পর্যায়ে ১৭টি সমঝোতা
প্রধানমন্ত্রীর জাপান সফরে সরকারি পর্যায়ে ৫ স্মারক, বেসরকারি পর্যায়ে ১৭টি সমঝোতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরকারি পর্যায়ে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক এবং দুটি অনুদান চুক্তি সই হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে এবং দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সফরটি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যৌথভাবে কাজ করবে। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একটি টহলজাহাজ সরবরাহের জন্য ২১২ কোটি জাপানি ইয়েনের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের সমান।

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রায় ১০৮ মিলিয়ন মার্কিন ডলারের একটি ইয়েন ঋণ প্রকল্পের প্রতিশ্রুতির কথাও জানান হুমায়ুন কবির। পাশাপাশি উপজেলা পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য জাপান সরকার ১৩ দশমিক ৬৮ বিলিয়ন ইয়েন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার আনুমানিক মূল্য ১৯৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার।

বেসরকারি খাতের সহযোগিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তি ও সহযোগিতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে দেশের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়। এর মধ্যে বিভিন্ন বিভাগে উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ছয়টি বিভাগে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।