প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় পরিকল্পনার আহ্বান ববি হাজ্জাজের

প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় পরিকল্পনার আহ্বান ববি হাজ্জাজের
জাতীয় পরিকল্পনার আহ্বান ববি হাজ্জাজের

প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যমান কাঠামোর আধুনিকায়নে ১৫ বছর মেয়াদি সমন্বিত জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সংস্কার হতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গবেষণা, তথ্য-উপাত্ত ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে।

এ লক্ষ্যে ১৫ বছর মেয়াদি জাতীয় রূপরেখা তৈরির পাশাপাশি তিন, পাঁচ, সাত ও দশ বছর মেয়াদি পর্যায়ভিত্তিক লক্ষ্য নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং গৃহীত পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়ন করা সম্ভব হবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

আজ গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (বিসিডিএম) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ফ্রেমওয়ার্ক’ শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার সাফল্য শুধু বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার দিয়ে নির্ধারণ করা যায় না। বরং প্রতিটি শিশু কতটুকু শিখছে, শিক্ষার পরিবেশ কতটা আনন্দদায়ক হচ্ছে এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটছে কি না, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী ঘোষিত ‘লার্নিং হ্যাপিনেস’ ধারণার বাস্তবায়নে পাঠ্যক্রমের পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মধ্যে সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তিনি। শিশুদের জন্য আনন্দময় ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার সুযোগ ও মানের পার্থক্য কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে একটি অভিন্ন ও সমন্বিত মানদণ্ড থাকা জরুরি। প্রাক্‌-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে প্রাথমিক স্তরের শ্রেণিবিন্যাস, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিখন কাঠামো এবং শিক্ষাক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।

প্রাথমিক শিক্ষার নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় বিজ্ঞানসম্মত এবং তথ্য-প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসরণের ওপরও গুরুত্বারোপ করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করার পাশাপাশি পুষ্টি, বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ, প্রয়োজনীয় আসবাবপত্র, স্যানিটেশন এবং শিক্ষার সহায়ক অন্যান্য উপকরণের যথাযথ মূল্যায়ন প্রয়োজন।

একই সঙ্গে প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা, নিয়মিত শিখন মূল্যায়ন এবং কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)-এর নতুন নাম নির্ধারণের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচিটির নাম রাখা হচ্ছে ‘সবার আগে প্রাথমিক শিক্ষা: জাতীয় রূপান্তর কর্মসূচি-১’ (Primary Education Before All: National Transformation Programme-1; PEBA: NTP-1)।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয় উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকারে নিয়ে আসা এবং এ খাতে প্রয়োজনীয় গুণগত ও কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নের লক্ষ্যেই নতুন নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সবার আগে প্রাথমিক শিক্ষা’ শুধু একটি কর্মসূচির নাম নয়, এটি প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের অগ্রাধিকার ও জাতীয় অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

কর্মশালায় বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে উপস্থাপিত সুপারিশগুলো সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবনাগুলো যথাযথভাবে সংকলন করে সুনির্দিষ্ট সুপারিশ আকারে নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে হবে। বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত অভিজ্ঞতা, জ্ঞান এবং গবেষণালব্ধ মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত ও কার্যকর দীর্ঘমেয়াদি জাতীয় রূপান্তর কাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।