সাধারণ মানুষের সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ে ঢেলে সাজানো হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী

সাধারণ মানুষের সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ে ঢেলে সাজানো হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী
রেলওয়ে ঢেলে সাজানো

দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে সাধারণ মানুষের যাতায়াত দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়েকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, সরকারের পরিবহননীতির উদ্দেশ্য শুধু উচ্চবিত্ত শ্রেণির সুযোগ-সুবিধা নিশ্চিত করা নয়। বরং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীসহ সব শ্রেণি-পেশার মানুষ যাতে কম খরচে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেটিই সরকারের অন্যতম অগ্রাধিকার।

আজ চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে রেলওয়ে খাত নানা অনিয়ম ও অবহেলার শিকার হয়েছে। রাষ্ট্রীয় ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুনির্দিষ্ট নীতিমালার যথাযথ অনুসরণ না করায় এ খাতের সামগ্রিক ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিনের এই সংকট কাটিয়ে রেলওয়েকে কার্যকর ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। তবে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকারের স্বল্প সময়ের উদ্যোগে রেলওয়ের উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

নতুন কমিউটার ট্রেন চালুর গুরুত্ব তুলে ধরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী পরিবহনসেবা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম–নাজিরহাট রুটে নতুন ট্রেন চালুর ফলে উত্তর চট্টগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই রেল যোগাযোগ চালুর ফলে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রতিমন্ত্রী আরও জানান, যাত্রীদের দৈনন্দিন কর্মসূচি, যাতায়াতের প্রয়োজনীয়তা ও সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শুরুতে সময়সূচি ও পরিচালন ব্যবস্থায় কিছুটা সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে দ্রুতই এ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বাভাবিকতা ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রেলওয়ের চলমান আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি রেলকোচ সংস্কার করা হয়েছে। একই সঙ্গে নতুন কোচ ও ইঞ্জিন আমদানির কার্যক্রমও চলমান রয়েছে। এসব নতুন সরঞ্জাম রেলবহরে যুক্ত হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি সেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি-পূর্ব)-এর চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।