রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে একই রাতে রাজধানীর আরও দুটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।
এ ছাড়া রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরপর কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীতে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাড্ডা ও মহাখালীর ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।





