গাজীপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার আগে বাড়ির ভাড়াটিয়াদের বের করে দেওয়া হয় বলে জানা গেছে ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের জোরপুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অগ্নিসংযোগের শিকার বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়ি। বাড়িটি বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া ছিল। এর পাশেই তাঁর একটি আটতলা ভবন রয়েছে, তবে সেটি অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িটির আশপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কথিত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও আক্রমণের নির্দেশনা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এ নিয়ে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।





