রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক। তার স্থায়ী ঠিকানা কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর আলোচনায় আসেন ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরবর্তী সময়ে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন।
ডিবি সূত্র জানায়, ডরিনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক কখন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।





