প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানিকগঞ্জকে মডেল জেলা গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানিকগঞ্জকে মডেল জেলা গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
মানিকগঞ্জকে মডেল জেলা গড়ার আহ্বান

দেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানিকগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আজ (২৬ নভেম্বর) সচিবালয়ে নিজের অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী এ সপ্তাহ উদযাপিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যসেবা এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়ানো প্রয়োজন।

তিনি জানান, সাধারণ মানুষের কাছে সহজে প্রাণিসেবা পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের এ খাতে সম্পৃক্ত করে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও গুরুত্বপূর্ণ।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টির চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। এ ছাড়া পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য অবদান রাখছে।

তিনি আরও বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে একটি ডেইরি হাব স্থাপন করা হয়েছে। সেখানে দুগ্ধজাত পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির ঘাটতি নিরসন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে।

এ সময় মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রাণিসম্পদ খাতের বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাটিকে একটি আদর্শ মডেল হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।