কানাডার চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কানাডার চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
কানাডার চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কানাডার শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বাংলাদেশ থেকে বৈধ প্রক্রিয়ায় দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশের প্রশিক্ষিত কর্মীদের কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্লেখিত খাতগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্যসংখ্যক প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে দেশটির নিজস্ব প্রশিক্ষক বাংলাদেশে পাঠিয়ে অথবা দুই দেশের যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরি করতে পারে।

জবাবে ওয়েলডন এপ প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, কানাডার অর্থনীতিতে নার্স, কেয়ারগিভারসহ বিভিন্ন পেশায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।

বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিত করা, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে কানাডার প্রতিনিধিকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশ উন্নয়ন সহযোগী হিসেবেও একসঙ্গে কাজ করছে।

এ সময় ওয়েলডন এপ বলেন, কানাডা অভিবাসন নীতিতে ভারসাম্য আনার উদ্যোগ নিলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশি বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য নদী ও উপকূলীয় টহলযান এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার সহকারী উপমন্ত্রী জানান, নিজেদের অভিবাসন কার্যক্রমে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি এ সংকট মোকাবিলায় বিশেষ করে আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করছে কানাডা।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন। রোহিঙ্গারা যাতে নাগরিকত্ব, নিরাপদ বসবাসের পরিবেশ ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া মিয়ানমারকেন্দ্রিক সাইবার প্রতারণা, মাদক ও মানবপাচারকে গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।