পাকিস্তান সফরে গিয়ে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে সোমবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন বাংলাদেশের স্পিকার। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরকালে তিনি দেশটির রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর ও করাচি পরিদর্শন করবেন।
ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।
সফরকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।





