জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য তিনি নির্দিষ্ট তারিখ জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এবার ভারত থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রেও একইভাবে সরকারি ব্যবস্থাপনায় বিমান পরিবহনের প্রত্যাশা করছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সে কারণে বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি।
এদিকে, এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
তবে গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বিমান পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।





