জাতিসংঘে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন রাষ্ট্রদূত আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেন রাষ্ট্রদূত আইরিন খান
জাতিসংঘে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সাহস, আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারত্বের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় উন্নয়ন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রথম সমন্বিত অভিযানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত আইরিন খান বলেন, তিন বাহিনীর সম্মিলিত সেই অভিযান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতীয় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির অন্যতম শক্তিশালী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নেও তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সদস্যদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক মূল্যবোধ, শান্তির প্রতি অঙ্গীকার ও সংহতির পরিচয় বহন করছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। এতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, প্রতিরক্ষা অ্যাটাশে, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত আইরিন খান। একই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।