বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করতে ওয়েলডন এপ ঢাকা সফর করছেন। ওই বৈঠকের অংশ হিসেবেই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে শামা ওবায়েদ বৈধভাবে বিদেশ ভ্রমণ ও উচ্চশিক্ষার সুযোগ সহজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং দক্ষ জনশক্তির বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করেন।
বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারেও এই প্রবাসী জনগোষ্ঠী কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করছে। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কানাডার অবদানেরও প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ভাবনার প্রসঙ্গ তুলে ধরে শামা ওবায়েদ সৃজনশীল অর্থনীতির বিকাশের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও অবদান বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে দুই দেশের বাণিজ্য ২০২৫ সালে প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) ও দক্ষতা উন্নয়নকে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন তিনি।
বাংলাদেশের উন্নয়নে কানাডার দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য আরও তিন বছর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা চালু রাখার কানাডার প্রতিশ্রুতি ইতিবাচক পদক্ষেপ।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। এ সংকটে কানাডার ধারাবাহিক মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সংশ্লিষ্ট মামলায় দেশটির সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে কানাডার সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ ছাড়া গত ১৯ নভেম্বর আইসিজের দেওয়া রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।





