ভারত যদি ২০০ মিলিয়ন ব্যবহারকারীর একটি প্লাটফর্ম টিকটক নিষিদ্ধ করতে পারে, তবে সুরক্ষা এবং গোপনীয়তার ক্ষেত্রে কিছু ভুল না হলেও ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে। টিকটক ব্যান নিয়ে এমন মন্তব্য করেন মার্ক জুকেরবার্গ।
প্রকৃতপক্ষে টিকটক প্রসঙ্গে ভারত সরকারের বক্তব্য ছিল, এই অ্যাপটি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষায় প্রশ্নচিহ্ন তৈরি করছিল। এই অ্যাপের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ রয়েছে। তাই ২০০ মিলিয়ন ব্যবহারকারী থাকা সত্বেও নিষিদ্ধ করা হয় টিকটক।
মার্ক জুকেরবার্গ বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছে কারণ, ফেসবুক ইতিমধ্যেই জাতীয় সুরক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে লড়াই করছে। নির্বাচন, বিদ্বেষমূলক বক্তব্য ইত্যাদি একাধিক ইস্যুতে মার্ক জুকেরবার্গের এই প্লাটফর্ম বিভিন্ন দেশের সরকারের সঙ্গে লড়ছে।
দাবি করা হয়েছে, টিকটক ব্যান করা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার বিষয় দেখিয়ে ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে জুকেরবার্গের।
উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত কোনও সমস্যায় পড়েনি ফেসবুক। তবে বিশ্বের অন্যান্য সরকারের সঙ্গে অবস্থা বিবেচনা করে ভারতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা সম্পূর্ণ ভুল নয়। বর্তমানে হোয়াটসঅ্যাপও ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছে। ভারতে ফেসবুক নিষিদ্ধ হলে হোয়াটসঅ্যাপের কি হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।


