বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটির বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়। পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গত বছর (২০২৫ সালের ১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল—আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।





