কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধর করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে গেন্দু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর পরই অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার এগারসিন্ধুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত গেন্দু মিয়া ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত গেন্দু মিয়া চরম মাদকাসক্ত ছিলেন। ঘটনার রাতে তিনি মাদকের টাকার জন্য নিজ মাকে গালিগালাজ ও মারধর শুরু করেন।
এ সময় বড় ভাই হৃদয় মিয়া তাকে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হৃদয় ছুরি দিয়ে ছোট ভাই গেন্দুর বুকে আঘাত করেন।
ছুরিকাঘাতে গুরুতর আহত গেন্দুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করা হয়েছে। নিহত যুবক মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।


