সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্যের বিস্তারকে ‘অশুভ সংকেত’ হিসেবে উল্লেখ করে তা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ‘২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ বরাবরই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও শিক্ষার্থীদের ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ ক্রমেই কঠিন হয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে। বিশেষ করে মিডিয়া লিটারেসি অর্জনের পাশাপাশি তথ্য যাচাই এবং দায়িত্বশীলভাবে যোগাযোগ করার দক্ষতা গড়ে তোলা জরুরি।
নটরডেম কলেজের স্মৃতি স্মরণ প্রতিমন্ত্রীর
নটরডেম কলেজে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষাজীবনে বন্ধুদের সঙ্গে এ ক্যাম্পাসে আসার অনেক স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে। অনুষ্ঠানে এসে পুরোনো সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তথ্য বিশ্লেষণ, যোগাযোগ দক্ষতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চর্চার সুযোগ তৈরি করে।
ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মিডিয়া কার্নিভাল আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুনঃ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অপতথ্য ও অসত্য তথ্য মোকাবিলাসহ সংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করছে।
তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে এ ধরনের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক আয়োজনের প্রতি সরকারের সমর্থন থাকবে।
দেশজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ
অনুষ্ঠানে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি; ফাদার অ্যান্টনি গোমেজ রোজারিও, সিএসসি; নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের মডারেটর শাপলা বনিক; ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর চেয়ারম্যান রুবায়েত মান্নান রাফি; এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ডিভিশন আনিসুর রহমান মজুমদার; চায়না এডুকেশন বাংলাদেশের সিইও সাজ্জাদ হোসেন এবং ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিমরান রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ূনঃ সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী
নটরডেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে ২ ও ৩ অক্টোবর এ কার্নিভালের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকদের মতে, মিডিয়া কার্নিভাল শিক্ষার্থীদের গণমাধ্যম, যোগাযোগ, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেদের প্রতিভা প্রকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।





