পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

আজ হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসকদের উপস্থিতি, বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইনের মজুত এবং ভর্তি রোগীদের খাবারের মানসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই সম্পন্ন করার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহে কোনো ঘাটতি না রাখা এবং হাসপাতালে দেওয়া খাবারের মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে যথাযথ ও প্রয়োজনীয় সেবা পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটিয়া উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার প্রায় ১১ লাখ মানুষ এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন। এছাড়া দৈনিক গড়ে ১০০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বৃহত্তর পটিয়া এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ূনঃ সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী

তিনি জানান, দেশের বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে যেসব এলাকায় হাসপাতাল নেই, সেসব এলাকার প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।