যশোরের বেনাপোল স্থলবন্দরে তুলা লোড-আনলোড করার সময় তুলার বেল ছটকে এসে গায়ে পড়লে হাসান (৪৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরের টিটিবি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহত হাসান বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের আবদুল মুজিদের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর একজন সাধারণ শ্রমিক।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় বন্দরের টিটিবি মাঠে তুলা ওঠানো-নামানোর কাজ চলছিল। এ সময় তুলার একটি বেল ছিটকে এসে হাসানের গায়ের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
এ দুর্ঘটনার খবর পেয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মোঃ তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় তাঁরা নিজেদের গাড়িতে করে আহত হাসানকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসান বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত শ্রমিকের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখতে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বক্ষণিক তাঁর পাশে রয়েছেন। তাঁরা চিকিৎসকদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মোঃ তবিবুর রহমান তবি বলেন, “হাসান আমাদের ইউনিয়নের একজন সাধারণ শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত তাঁকে উদ্ধারের উদ্যোগ নিই।
ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও গাড়ি আসতে দেরি হওয়ায় সময় নষ্ট না করে নিজেদের গাড়িতে তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তাঁর চিকিৎসার বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেটিই আমাদের প্রত্যাশা।”
৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, “একজন শ্রমিকের বিপদে তাঁর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। হাসান আহত হওয়ার খবর পাওয়ার পর আমরা দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি।
চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছি। বন্দরে ভারী মালামাল ওঠানো-নামানোর কাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
এ ঘটনায় বন্দরে ভারী মালামাল ওঠানো-নামানোর সময় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।





