মধুখালীর বাগাটে এলজিইডির প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

মধুখালীর বাগাটে এলজিইডির প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ
মধুখালীর বাগাটে এলজিইডির প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার উন্মুক্ত লটারির মাধ্যমে বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায়-দুঃস্থ নারীদের মধ্য থেকে এসব কর্মী বাছাই করা হয়। একই প্রক্রিয়ায় জরুরি প্রয়োজনে নিয়োগের জন্য আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

নিয়োগ ও বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা এলজিইডির কর্মকর্তা প্রকৌশলী মো. সোহেল রানা, উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ও শুশান্ত দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, এলজিইডির সার্ভেয়ার সোহেল রানা, কার্যসহকারী মো. ওয়াহিদুল করিম মিঠু এবং বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান।

এ সময় বাগাট ইউনিয়নের সব ইউপি সদস্য, নিয়োগপ্রার্থী নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

সূত্রটি আরও জানায়, আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় উপযুক্ত ১০ জন নারীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। লটারির মাধ্যমে নিয়োগ সম্পন্ন হওয়ায় বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

প্রকল্পের আওতায় নিয়োজিত নারী কর্মীরা মাটিকাটা ও পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের কাজে অংশ নেবেন। এর ফলে একদিকে স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ জোরদার হবে, অন্যদিকে কর্মসংস্থানের মাধ্যমে নারী কর্মীদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছে এলজিইডি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ সহিদুল ইসলাম

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।