ঢাকা: রিয়েল-টাইম লেনদেন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃকার্যকারিতা নিশ্চিত করার মাধ্যমে বাজারভিত্তিক অর্থনীতি এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশে একটি কার্যকর বাজারভিত্তিক ব্যবসা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে।
আজ ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে স্থানীয় এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বিএআরটিএ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃকার্যকারিতা নিশ্চিত করা জরুরি। অতীতে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা পৃথকভাবে পরিচালিত হওয়ায় তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বীমা নিয়ন্ত্রক সংস্থা এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য ও লেনদেনের আন্তঃসংযোগ প্রতিষ্ঠা করা না গেলে তাৎক্ষণিক ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
বিএআরটিএ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ, স্বচ্ছতা বৃদ্ধি, সময় সাশ্রয়, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। একই ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দরেও পরিচালনার পরিকল্পনার কথা জানান তিনি।
বীমা ও পুঁজিবাজার খাতের সংস্কার প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বীমা খাতে অনিয়ম ও অপব্যবহারের কারণে দাবি নিষ্পত্তিতে বিলম্ব, বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় জটিলতা এবং সরকারি রাজস্ব ও প্রিমিয়াম আদায়ে ক্ষতি হয়েছে।
বিশেষ করে কাভার নোট ও প্রিমিয়াম পরিশোধে অনিয়ম এবং ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহার বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বীমা নিয়ন্ত্রক সংস্থার মধ্যে আন্তঃকার্যকারিতা জোরদার করা হচ্ছে।
পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে সমন্বিত ও আন্তঃসংযুক্ত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে অনিয়ম, কারসাজি ও যোগসাজশের সুযোগ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, রাজস্ব আয় না বাড়ালে বিনিয়োগ, বাণিজ্য ও সামাজিক কর্মসূচির মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনে অটোমেশন ও সংস্কার কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সংস্কার কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং তাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনকল্যাণের স্বার্থে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত রয়েছে। এ সময় কাস্টমস ও এনবিআরসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সংশ্লিষ্ট অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





