বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে আলোচনা করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।
এ সময় গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন তারেক রহমান। বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখার জন্য সাসাকাওয়াকে ধন্যবাদ জানান তিনি।
নৈশভোজে বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সংক্রামক রোগ প্রতিরোধে দেশেই ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে একটি ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।
নৈশভোজে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা
নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ অন্যরা।
নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও নৈশভোজে অংশ নেন।
সেপ্টেম্বরে ঢাকায় সাসাকাওয়ার সঙ্গে বৈঠক
এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইয়োহেই সাসাকাওয়া। ওই সাক্ষাতের ধারাবাহিকতায় এবারের নৈশভোজে দুই পক্ষের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে সম্ভাব্য সহযোগিতা বাস্তবায়িত হলে সংক্রামক রোগ প্রতিরোধে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





