বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই হত্যার হুমকি পেয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। এবারে সত্যি সত্যিই তাকে মারতে তার সিনেমার সেটে পৌঁছে গেছে সশস্ত্র সন্ত্রাসী। আর তার জেরেই থেমে গেছে নতুন সিনেমা ‘রেইস থ্রি’র শুটিং। কিছুদিন আগে জোধপুরের বিশনই সমাজের গ্যাংস্টার লরেন্স বিশনই সরাসরি সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন।
৫ জানুয়ারি তিনি জোধপুরে গণমাধ্যমকে বলেছিলেন, ‘সালমান খানকে জোধপুরে অবশই খুন করা হবে। তখন তিনি আমাদের আসল পরিচয় জানতে পারবেন। এখন পুলিশ যদি চায় আমি বড় ধরণের অপরাধ ঘটাই, তাহলে আমি নিজেই সালমানকে এই জোধপুরেই খুন করবো।’
সালমান খানের উপর বিশনই সমাজের ক্ষুব্ধ হওয়ার কারণ তারা কৃষ্ণ হরিণের উপসক। ২০০৬ সালে এই হরিণ শিকারের দায়ে মামলা করা হয় তার বিরুদ্ধে। ২০১৭ তে এই মামলা থেকে তিনি বেকসুর খালাস পান। তখন থেকেই তাকে হত্যার ছক কষছে এই সমাজের লোকজন।
তবে জোধপুরের বাইরে সালমান নিরাপদ- এই ধারণা করা হলেও মুম্বাইয়েই তাকে মারতে তিন সশস্ত্র সন্ত্রাসী ফিল্ম সিটিতে ঘুরছে- এই তথ্য পায় পুলিশ। এর পরপরই বৃহস্পতিবার ‘রেইস থ্রি’র সেটে পৌঁছায় পুলিশ। সালমানকে পুলিশ সদস্যরা ফিল্ম সিটি থেকে বের হয়ে চলে যেতে বলেন নিজের বাড়িতে। পরবর্তী কয়েকদিনের জন্য বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেন তারা।
পুলিশের কাছ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাই শুরু হচ্ছে না ‘রেইস থ্রি’র শুটিং। সে পর্যন্ত সতর্ক অবস্থাতেই থাকতে হচ্ছে সালমান খানকে।



