জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা, জনআকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো পুলিশ সদস্য অপেশাদার আচরণ, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত ফৌজদারি আইনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত সাত মাসে প্রাতিষ্ঠানিক, আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও জনআস্থা ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রেখে র‍্যাবকে ‘এসআরবি’ (SRB)-তে রূপান্তরসহ পুলিশের বিভিন্ন সংস্থার আইনি কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-কে আরও আধুনিকায়ন করে নতুন আইন প্রণয়নের মাধ্যমে তাদের ক্ষেত্রবিশেষে মামলার তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সাহসিকতা, সততা, দক্ষতা ও কৃতিত্বপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৯২ জন সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বিপিএম-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘পিপিএম-সেবা’ পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম এবং উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।