ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সফল অংশগ্রহণ ও কূটনৈতিক সফর শেষে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর বিশ্বমঞ্চে এটিই ছিল তাঁর প্রথম বড় ধরনের কূটনৈতিক প্রতিনিধিত্ব।
সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, অর্থনৈতিক সম্ভাবনা এবং বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় দেশের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন। তাঁর এই বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি উদীয়মান, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের চিত্র ফুটে ওঠে।
প্রধানমন্ত্রীর এই সফল প্রত্যাবর্তন উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়াবাসীসহ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই সফরকে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করছে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, বাবা-মায়ের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিশ্ব রাজনীতিতে তাঁর এই বলিষ্ঠ পদক্ষেপ দেশের অর্থনীতি, বৈদেশিক সম্পর্ক এবং সার্বিক সমৃদ্ধিকে আরও গতিশীল ও সুদৃঢ় করবে।





