দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। মনে রাখতে হবে, স্বাস্থ্যসেবা পাওয়া কারো দয়া বা বিশেষ সুবিধা নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার।”
সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে সবাইকে ব্যক্তিগত ও সামাজিকভাবে সতর্ক থাকার আহ্বান জানান।
দেশের স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তনের জন্য প্রযুক্তি ও মেধার সমন্বয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বর্তমানে বিদ্যমান আধুনিক মেডিকেল টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবেই চিকিৎসাসেবা খাতকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব।”
বক্তব্যের শেষভাগে তিনি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সর্বস্তরে স্বচ্ছতার তাগিদ দেন। ডা. জুবাইদা রহমান বলেন, “স্বাস্থ্য খাতসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই আমরা একটি নতুন ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে পারব।”




