আগামী পাঁচ বছরে প্রতিটি  উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী পাঁচ বছরে প্রতিটি  উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে। এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ আরো সম্প্রসারিত হবে।

প্রতিমন্ত্রী আজ বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এজন্য সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছে।

আমিনুল হক বলেন, সারা দেশে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় খেলাধুলার কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলা খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আজকের এই আয়োজন তারই একটি বাস্তব প্রতিফলন।

খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। পাশাপাশি, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের মধ্য থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।