বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা আরও বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে স্থানীয় সময় বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা, সরকারি হাসপাতালের সেবার মান উন্নত করা, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কর্মমুখী শিক্ষার প্রসার, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি, পরিবারকেন্দ্রিক সামাজিক সহায়তা এবং ‘ফ্যামিলি কার্ড’ চালুর মতো কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে।
নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের বিষয় হিসেবে স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে। দুই দেশের জ্ঞান, অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিশুদের যথাযথ বিকাশ নিশ্চিত করতে বাংলাদেশ ও জাপান উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য টেকসই সামাজিক ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং দারিদ্র্য ও সহিংসতা থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
বিশ্বব্যাপী যোগাযোগ ও পারস্পরিক নির্ভরতা বাড়ার প্রেক্ষাপটে স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কূটনীতি কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন জনকল্যাণমূলক ফাউন্ডেশনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এসব অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন।
চিকিৎসক হিসেবে বাংলাদেশে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, কার্যকর স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, স্বাস্থ্য গবেষণার প্রসার এবং আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে।
শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। একই সঙ্গে স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি অর্থায়ন ও সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে ফাউন্ডেশনটির প্রতি আহ্বান জানান তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া যেকোনো উদ্যোগে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত।
সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বাংলাদেশ ও জাপানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





