‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যের বিষয়ে আপত্তি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, আইজিপি অসতর্কতার কারণে এমন মন্তব্য করেছেন এবং বক্তব্যটি দেওয়া ঠিক হয়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নয়। ‘ক্রসফায়ার’ নিয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইন কঠোরভাবে প্রয়োগের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত শব্দটি ব্যবহার করেছেন বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না। পুলিশ হেফাজতে মৃত্যু বা কাস্টডিয়াল ডেথের ঘটনাও সরকার মেনে নেবে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত দেশে ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইন যথাযথভাবে প্রয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আইজিপির বক্তব্য নিয়ে বিতর্ক

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আইজিপি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে অভিযোগ করে, আবার পুলিশ নিষ্ক্রিয় থাকলে তাদের দুর্বল বলা হয়। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের প্রয়োজনীয় সুযোগ দিতে হবে।

আইজিপির এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

রিজভীর প্রতিক্রিয়া

মঙ্গলবার দুপুরে আইজিপির বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশপ্রধানের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর।

রিজভী বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই দলের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশপ্রধানের মুখে ‘ক্রসফায়ার’ শব্দটি আসা উদ্বেগের বিষয়।

বিভিন্ন মহলে সমালোচনা, ব্যাখ্যা পুলিশের

আইজিপির বক্তব্যের পর জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায়।

সমালোচনার মধ্যে সোমবার সন্ধ্যায় বক্তব্যটির বিষয়ে ব্যাখ্যা দেয় পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোর অবস্থান বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য স্পষ্ট করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে সরকারের অবস্থান কঠোর এবং এ ধরনের কোনো ঘটনা সরকার সহ্য করবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।