যুবসমাজকে শুধু চাকরির সন্ধানে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ ও আধুনিক উপকরণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুবসমাজের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সামনে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। তরুণদের শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বের হয়ে নিজ উদ্যোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তরুণদের এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে তারা নিজেরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি অন্যদের জন্যও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
মন্ত্রী বলেন, ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’ তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। একই সঙ্গে এটি তাদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি কর্মজীবনে প্রবেশের বাস্তব সুযোগ তৈরি করবে।
সফল উদ্যোক্তাদের অনুসরণের আহ্বান
তরুণদের দেশের সফল উদ্যোক্তা ও সমাজসেবীদের জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর মতো সফল ও মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দিনাজপুর জেলা সদর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত বিরামপুর ভৌগোলিকভাবে কিছুটা পিছিয়ে থাকা একটি অঞ্চল। জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের মতো জেলার কেন্দ্রীয় সুযোগ-সুবিধা থেকে দূরত্বের কারণে এ এলাকার উন্নয়নে তরুণদের সুপ্ত প্রতিভা কাজে লাগানো জরুরি।
জব ফেয়ারে চাকরিপ্রার্থীদের ব্যাপক অংশগ্রহণ
দিনব্যাপী জব ফেয়ারকে ঘিরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকরিপ্রার্থী মেলায় অংশ নেন। এর মধ্যে তাৎক্ষণিকভাবে শতাধিক চাকরিপ্রার্থী নিয়োগের সুযোগ পেয়েছেন।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়া লক্ষাধিক জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে শিগগিরই আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





