আঞ্চলিক স্বাস্থ্যশিল্পের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক যৌথ বিনিয়োগ, ওষুধ উন্নয়ন ও চিকিৎসা গবেষণা প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
চীনের হাইনান প্রদেশের হাইকোতে অনুষ্ঠিত বোয়াও এশিয়া ফোরাম (BFA) গ্লোবাল হেলথকেয়ার ফোরাম ২০২৬-এর হাইকো সম্মেলনে ‘অভিন্ন আঞ্চলিক উন্নয়নে স্বাস্থ্যশিল্পে সহযোগিতা জোরদার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে বাংলাদেশের আমদানিনির্ভরতা, স্থানীয় উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা, চিকিৎসা গবেষণার অবকাঠামোগত ঘাটতি এবং দক্ষ জনবলের সংকট মোকাবিলায় পিপিপি মডেল কার্যকর ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুনঃ আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়ানোর আলোচনা
দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর মাধ্যমে দেশে ওষুধ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা গবেষণার পরিধিও বাড়ানো সম্ভব বলে উল্লেখ করেন মন্ত্রী।
এশিয়ার অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ‘সিল্ক রোড অব হেলথ’ উদ্যোগের আওতায় শিল্প সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং মানবসম্পদ উন্নয়নে চীনের আরও সক্রিয় ভূমিকা বাংলাদেশ স্বাগত জানায়।
আরও পড়ুনঃ বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ
তিনি বলেন, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যশিল্পের ভিত্তি আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে এসব উদ্যোগ বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক আঞ্চলিক জেনেরিক ওষুধ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও সহায়তা করবে।
আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষায় বছরজুড়ে ১২ জীবনঘনিষ্ঠ থিম: প্রতিমন্ত্রী
প্যানেল আলোচনায় অংশ নেওয়া ICGEB-এর এলেনা বেনেদেত্তি, WFP China-এর ঝাও বিং এবং China National Biotec Group-এর লি শিউলিং বলেন, কার্যকর পিপিপি কাঠামো ও আঞ্চলিক সহযোগিতা উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যশিল্পে বিনিয়োগ বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা সমন্বিত শিল্প পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করে বায়োমেডিসিন ও ডিজিটাল স্বাস্থ্য খাতের অগ্রগতি আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।





