তালিবানপ্রীতি: নারীশিক্ষা বন্ধের সিদ্ধান্তের পক্ষে জাকির নায়েক

তালিবানপ্রীতি: নারীশিক্ষা বন্ধের সিদ্ধান্তের পক্ষে জাকির নায়েক
জাকির নায়েক

আন্তর্জাতিকভাবে বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েক আফগানিস্তানে তালিবান সরকারের নারীদের উচ্চশিক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত নারীদের উচ্চশিক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করা যায়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকলে তিনি দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

তালিবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারীশিক্ষার ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে। ২০২২ সালের মার্চে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগও বন্ধ করে দেয় তালিবান প্রশাসন।

নারীদের উচ্চশিক্ষা বন্ধ রাখার এই নীতির বিষয়ে জাকির নায়েকের বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বলেন, মেয়েদের প্রাথমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত কেবল উচ্চশিক্ষা বন্ধ রাখা হয়েছে।

জাকিরের দাবি, ইসলামি শিক্ষার ক্ষেত্রে নারীদের জন্য কোনো বাধা নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, শরিয়াহ, কোরআনসহ ইসলামি শিক্ষার বিভিন্ন বিষয়ে উচ্চতর পড়াশোনা এবং পিএইচডি করার সুযোগ রয়েছে। এসব বিষয়ে শিক্ষাদানের জন্য শিক্ষকও রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তবে শিক্ষকসংকটের কারণে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সুযোগ না পৌঁছালেও সেটিকে তাৎক্ষণিকভাবে বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি। তাঁর আশা, এই পরিস্থিতি যেন দীর্ঘস্থায়ী না হয়।

এদিকে জাকির নায়েকের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে ভারতসহ বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর তাঁর বক্তব্যের প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। ওই হামলায় ২২ জন নিহত হন, যাঁদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি নাগরিক। হামলায় অংশ নেওয়া এক জঙ্গির জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত হওয়ার দাবি সামনে আসার পর বাংলাদেশে তাঁর প্রচার কার্যক্রম ও টেলিভিশন চ্যানেল পিস টিভি নিষিদ্ধ করা হয়।

ভারতেও জাকির নায়েকের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) আওতায় মামলা রয়েছে। ভারত সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিলেও এখন পর্যন্ত প্রত্যর্পণ প্রক্রিয়া সফল হয়নি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নারীদের শিক্ষা, অধিকার ও স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন তালিবান সরকারের নীতির সমালোচনা চলছে, তখন সেই নীতির পক্ষে জাকির নায়েকের বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।