শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

উন্নত দেশগুলো শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং নিজেরাই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও তৈরি করছে। বাংলাদেশকেও এ ধরনের সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিজ্ঞান কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

কার্নিভালের বিভিন্ন প্রতিযোগিতা ও প্রকল্প উপস্থাপনায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ বিজ্ঞান উৎসবে দেশের ১৫০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রকল্প প্রদর্শিত হয়। উৎসবে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্প লেখা ও কম্পিউটার গেমিংসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ফোর-ডি মুভি বাস ও মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং উদ্ভাবনী দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ কার্নিভালের আয়োজন করা হয়। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের এ আয়োজন শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।