গণপূর্ত অধিদপ্তরে বদলি-পদায়নের লটারি বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: মন্ত্রী জাকারিয়া তাহের

গণপূর্ত অধিদপ্তরে বদলি-পদায়নের লটারি বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: মন্ত্রী জাকারিয়া তাহের
গণপূর্ত অধিদপ্তরে বদলি-পদায়নের লটারি বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক: মন্ত্রী জাকারিয়া তাহের

গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিনের বদলি-পদায়ন সংক্রান্ত অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি পদ্ধতি চালু করেছে সরকার। তবে এই উদ্যোগকে বিতর্কিত করার চেষ্টা কিছু গণমাধ্যমে দেখা যাচ্ছে, যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার কিংবা মন্ত্রণালয়ের কোনো ইতিবাচক উদ্যোগের যথাযথ প্রতিফলন অনেক সময় সংবাদমাধ্যমে দেখা যায় না। গণপূর্ত অধিদপ্তরের বদলি ও পদায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও অনিয়ম ছিল। এসব অনিয়ম এবং তদবিরের সুযোগ বন্ধ করে স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বদলি ও পদায়নের ক্ষেত্রে ব্যক্তিগত তদবির কিংবা প্রভাব যেন কোনো ভূমিকা রাখতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হয়। এতে ৪০ থেকে ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ পদ্ধতিতে প্রায় ১ হাজার ৫৮৫ জন প্রকৌশলীর বদলি ও পদায়ন সম্পন্ন করা হয়েছে।

জাকারিয়া তাহের বলেন, সব ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কিছু বিষয়ে মানবিক বিবেচনার প্রয়োজন হয়, সেগুলোও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। তবে বদলি-পদায়ন বাণিজ্য বন্ধে স্বচ্ছ প্রক্রিয়া চালুর পরও সেটিকে বিতর্কিত করার প্রবণতা সবার জন্য কষ্টদায়ক।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের নির্বাচনি অঙ্গীকার।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি অসুস্থ, অসচ্ছল ও দুর্দশাগ্রস্ত সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে।

মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের ভালো উদ্যোগগুলোকে উৎসাহিত করতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নেতা মো. জামাল হোসেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমানসহ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।