প্রাথমিক শিক্ষায় বছরজুড়ে ১২ জীবনঘনিষ্ঠ থিম: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় বছরজুড়ে ১২ জীবনঘনিষ্ঠ থিম: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় বছরজুড়ে ১২ জীবনঘনিষ্ঠ থিম: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা ও বাস্তবজ্ঞান বাড়াতে নতুন কারিকুলামে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিমকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে, দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করবে এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সামলে নেবে—এসব বাস্তব জীবনদক্ষতাও তাদের শেখানো হবে।

বুধবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে আসবে এবং শ্রেণিকক্ষে কার্যকরভাবে শিক্ষা গ্রহণ করবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার পাশাপাশি জীবনদক্ষতা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়ানোর আলোচনা

ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষার কারিকুলাম নতুন করে সংস্কারের কাজ চলছে। এতে ‘১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম’ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। কোনো নির্দিষ্ট মাসে যে বিষয়টি প্রধান থিম হিসেবে নির্ধারিত হবে, ওই মাসের বিভিন্ন বিষয়ের পাঠেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ, সংখ্যা, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা হবে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যশিল্পের উন্নয়নে পিপিপি ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান

এর ফলে পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে বাস্তব জীবনের ঘটনাগুলোর সম্পর্ক শিক্ষার্থীদের কাছে আরও সহজে তুলে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।

উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো মাসে যদি অগ্নিনিরাপত্তাকে থিম হিসেবে নির্ধারণ করা হয়, তাহলে গণিত, ভাষা ও অন্যান্য বিষয়ের পাঠেও অগ্নিনিরাপত্তাসংক্রান্ত উদাহরণ ও আলোচনা যুক্ত করা যেতে পারে। একইভাবে পর্যায়ক্রমে সড়ক নিরাপত্তা, পানিতে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, দুর্যোগ মোকাবিলাসহ শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

তিনি আরও বলেন, দেশের সব ধরনের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে। তবে যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে নির্ধারিত ন্যূনতম মানের চেয়ে ভালো ব্যবস্থা নিশ্চিত করেছে, তারা নিজেদের কার্যক্রম আরও এগিয়ে নিতে পারবে।

সরকারের লক্ষ্য ন্যূনতম মান সবার জন্য নিশ্চিত করার পাশাপাশি ভালো উদ্যোগ ও কার্যকর অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়ে সামগ্রিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নত করা—এমনটি জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুধু নিয়ন্ত্রক হিসেবে নয়, অংশীদার হিসেবেও কাজ করতে চায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও ভালো উদ্যোগ থেকে সরকার শিক্ষা নিতে আগ্রহী। একই সঙ্গে সরকারি নীতিমালা ও সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে প্রাথমিক শিক্ষার জন্য একটি অভিন্ন মানদণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।