বাংলাদেশের দ্রুত বিকাশমান জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতে বড় ধরনের বৈদেশিক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে গণচীনের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ‘জুলং গ্রুপ’ (Julong Group)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সাথে তাঁর দপ্তরে এক দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং মেরিটাইম খাতের সামগ্রিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং জানান, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বিপুল দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তাঁর প্রতিষ্ঠান এখানে বিশ্বমানের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে অত্যন্ত আগ্রহী।
বাংলাদেশে উৎপাদিত এসব আন্তর্জাতিক মানের শিপ ও বাণিজ্যিক নৌযান দেশীয় অভ্যন্তরীণ নৌ-পথের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে জুলং গ্রুপের।
চীনা প্রতিষ্ঠানের এই সুনির্দিষ্ট প্রস্তাবকে স্বাগত জানিয়ে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, “বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের এই বিনিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।”
প্রতিমন্ত্রী আশ্বাস দেন, আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি ও তা বিদেশে রপ্তানির এই মহৎ উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত, অবকাঠামোগত ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের মেরিটাইম সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





