বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)। মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে সচিবালয় স্থানান্তরের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
জাকারিয়া তাহের বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগে থেকেই একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনার ভিত্তিতে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে প্রস্তাব তোলা হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সচিবালয় স্থানান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সচিবালয়ে গাড়ি পার্কিং ও জায়গার সংকট রয়েছে। এ কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পরিচালনা করতে হচ্ছে। এতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো অনেক পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় এসব ভবনের নিরাপত্তা, সংস্কার এবং দীর্ঘমেয়াদি বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবা জরুরি।
মন্ত্রী জানান, সব বিষয় বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে নতুন স্থানে সম্পূর্ণভাবে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেলে সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ ও স্থানান্তরের প্রস্তুতিমূলক কাজসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।





