যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিমানবন্দরের ভেতরে তাকে লক্ষ্য করে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ড. ইউনূস হুইলচেয়ারে বসে থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন। এ সময় তারা উচ্চস্বরে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।
বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তোলেন। পাশাপাশি দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা।
ভিডিওতে আরও দেখা যায়, পরিস্থিতির মধ্যে ড. ইউনূস তার সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান।
তবে এ ঘটনায় বিক্ষোভকারীদের পরিচয়, বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।





