সিলেটে হামের রোগীর চাপ, হাসপাতালের শয্যা সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা

সিলেটে হামের রোগীর চাপ, হাসপাতালের শয্যা সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা
সিলেটে হামের রোগীর চাপ, হাসপাতালের শয্যা সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা

সিলেটে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কোথাও একটি শয্যায় একাধিক শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, আবার অনেক রোগীকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে।

পরিস্থিতি সামাল দিতে হামের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের শয্যা বাড়ানোর প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সংক্রমণ বাড়তে থাকায় চলতি বছরের মার্চ থেকে ১০০ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে হামের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়। পরে মে মাস থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ৮৫টি শয্যাও এ চিকিৎসার জন্য নির্ধারিত করা হয়।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম আক্রান্ত ও সন্দেহভাজন ১৮৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন রোগী ভর্তি ছিলেন। দুই হাসপাতালে মোট ১৮৫টি শয্যার বিপরীতে চিকিৎসাধীন ছিলেন ৩৬৯ জন। অর্থাৎ নির্ধারিত শয্যার প্রায় দ্বিগুণ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে।

এদিকে, সোমবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের চিকিৎসার জন্য নতুন করে ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিভাগজুড়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২১ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন এই মৃত্যুসহ সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১ জনে।

টিকা দেওয়ার পরও কমছে না সংক্রমণ

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর একাধিকবার টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে। তারপরও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

টিকা নেওয়ার পরও অনেক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশুদের পাশাপাশি কিশোর, তরুণ ও অন্যান্য বয়সের মানুষের মধ্যেও সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে হামে আক্রান্ত হয়ে তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর তথ্যও জানিয়েছে সূত্রটি।

শয্যা বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

রোগীর অতিরিক্ত চাপের বিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান জানান, হাসপাতালে আসা রোগীদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সীমিত সুযোগের মধ্যেই চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে।

তিনি বলেন, দুটি শয্যা একত্র করে চার শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। শয্যার সংখ্যা বাড়ানোর জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও ধারণক্ষমতার তুলনায় দুই থেকে তিন গুণ রোগী ভর্তি রয়েছেন। অতিরিক্ত চাপের মধ্যেও চিকিৎসক ও নার্সরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। হামের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের কোনো সংকট নেই বলেও তিনি জানান।

হাসপাতালে রোগীর চাপ অব্যাহত থাকায় শয্যা বৃদ্ধি ও সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।