আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ গবেষক ও পেশাজীবীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটির উচ্চপর্যায়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএ-এর মানবসম্পদ বিষয়ক উপ-মহাপরিচালক মার্গারেট ডোয়ানের (Margaret Doane) সঙ্গে সাক্ষাৎ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আইএইএ-তে বাংলাদেশের নাগরিকদের, বিশেষ করে সরকারি কর্মকর্তা ও তরুণ প্রযুক্তিবিদদের পেশাগত দক্ষতা উন্নয়ন, উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং আন্তর্জাতিক এই সংস্থায় বিভিন্ন পদে বাংলাদেশি জনবল নিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার সুনিশ্চিত করতে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ জোর দেন বিজ্ঞান সচিব। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে উদীয়মান বাংলাদেশি গবেষকদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরিতে আইএইএ-এর ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
উভয় পক্ষ বাংলাদেশ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আশাবাদ ব্যক্ত করেন।
গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় সাক্ষাতকালে অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ মিশন প্রধান ও স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।




