আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর

আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর
আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর

আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং কমে আসবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের দাবি নিয়ে উৎসব করলেও ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান হয়নি।

ওই সময়ে ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় সঞ্চালন লাইনও গড়ে তোলা হয়নি। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। একই সঙ্গে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দুটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে বিশেষ অতিথি ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক ক্ষমতার এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ব্যাটারিসহ ৫ কিলোওয়াট পিক ক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

স্বাগত বক্তব্য দেন ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মনিরুল ইসলাম। ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।