নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের পুরোনো কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রমে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ ছাড়া সমিতির সাধারণ সদস্যদের মধ্যেও বিদ্যমান কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ দেখা দেয়। এসব বিষয় এবং সদস্যদের স্বার্থ বিবেচনা করে আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নতুন অনুমোদিত কমিটিকে সমিতির প্রচলিত নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমিতির কর্মকাণ্ড তদারকির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সমবায় কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।
নতুন কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন আব্দুল হাসিব। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজ্জামেল হক এবং সহসভাপতি আব্দুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক করা হয়েছে আসলাম আলীকে। সিনিয়র যুগ্ম সম্পাদক অরুণ কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান এবং দপ্তর সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন—ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল আমিন (১) ও মোজাম্মেল হক।
এদিকে তিন সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজাউল করিম মন্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী।
গণবিজ্ঞপ্তিতে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে সমিতির কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।





