চার মাসের দীর্ঘ প্রজননকালীন নিষেধাজ্ঞা ও অপেক্ষা শেষে নওগাঁর মান্দা উপজেলার ‘বিল মান্দা’, ‘বিল উত্তরাইল’ এবং ‘বিল চককসবা’-তে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উৎসবমুখর মৎস্য আহরণ কার্যক্রম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জলাশয়গুলোতে এই মৎস্য আহরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘ চার মাস পর বিলে জলতরঙ্গ ও জালের ঝংকার ফেরায় আনন্দে উচ্ছ্বসিত এলাকার শত শত মৎস্যজীবী পরিবার।
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ২০২৬-২০২৭ অর্থবছরের “জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প”-এর অধীনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য আহরণ কার্যক্রমের সূচনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী এবং মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের প্রকল্প পরিচালক মো. শামশুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মান্দা ইউএনও মোসাঃ আতিয়া খাতুন বলেন, “মান্দার বিল ঘেরা এই অঞ্চলের শত শত জেলে পরিবার মাছ শিকারের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করে থাকেন। তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যেই সরকারি নির্দেশনা অনুসরণে চার মাস আগে বিলে প্রায় ২,১০০ কেজি দেশি ও কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সাথে বিলে সার্বিক মাছ ধরা বন্ধ রাখা হয়েছিল। আজ স্বচ্ছতা সুনিশ্চিত করে সুনির্দিষ্ট সুফলভোগী কমিটির মাধ্যমে জেলেদের মাছ ধরার অনুমতি দেওয়া হলো।”
বিলে মাছ ধরার অনুমতি পেয়ে আনন্দ প্রকাশ করে স্থানীয় জেলেরা জানান, চার মাস জীবিকার প্রধান পথ বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে বেশ কষ্টে দিনাতিপাত করছিলেন। আজ আবার বিলে জাল ফেলার সুযোগ পেয়ে তাদের জীবন-জীবিকার দুশ্চিন্তা লাঘব হয়েছে এবং সচ্ছলতা ফেরার আশা জাগছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোজাম্মেল হক মুকুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।





