পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযান

আন্তর্জাতিক বাজারে দেশের অন্যতম রপ্তানিপণ্য চিংড়ির সুনাম অক্ষুণ্ন রাখতে খুলনার পাইকগাছায় অপদ্রব্য পুশ বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।

অভিযানে বাগদা চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য প্রক্রিয়াকরণের দায়ে তিন ব্যবসায়ীকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা-সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও ছালুবুনিয়া এলাকায় এই তদারকি অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে কয়েকটি আড়ত ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সরেজমিনে তল্লাশি চালিয়ে বাগদা চিংড়িতে জেলি সদৃশ অপদ্রব্য পুশ করা এবং নোংরা পরিবেশে মাছ পরিচর্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে তিন ব্যবসায়ীকে যথাক্রমে ৭ হাজার টাকা, ২ হাজার টাকা এবং ১ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সময়ে পুশকৃত ১০ কেজি ভেজাল বাগদা চিংড়ি জব্দ করে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে পাইকগাছা নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, চিংড়ি বাংলাদেশের প্রধানতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলোর একটি। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। দেশের রপ্তানি বাজার সুরক্ষিত রাখতে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে এ ধরনের অসাধু প্রক্রিয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রযোগ করা হচ্ছে। ভবিষ্যতে উপজেলা জুড়ে এই ধরনের ভেজাল বিরোধী ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

‎ইমদাদুল হক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।